শনিবার ১০ অক্টোবর ২০২৬ - ২২:৪৩
আধিপত্যবাদীদের কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

হাওজা নিউজ এজেন্সি— ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আধিপত্যবাদীদের কাছে মাথা নত করবে না এবং কোনো অন্যায্য আচরণ মেনে নেবে না। তবে এই মর্যাদা ও শক্তি অর্জনের জন্য বিজ্ঞান ও জ্ঞানচর্চার বিকল্প নেই।

২০২৬-২০২৭ কৃষিবর্ষের সূচনা উপলক্ষে আয়োজিত এক জাতীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বৈজ্ঞানিক জ্ঞানের বিকাশ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির অধিকতর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

পেজেশকিয়ান বলেন, “আমরা আধিপত্যবাদীদের কাছে মাথা নত করা কিংবা অন্যায্য আচরণ মেনে নেওয়া কখনোই গ্রহণ করব না। তবে বিজ্ঞান ও জ্ঞান ছাড়া এই মর্যাদা ও শক্তি অর্জন করা অসম্ভব। বড় বড় কথা বলার পাশাপাশি আমরা অজ্ঞতার মধ্যে পড়ে থাকতে পারি না।”

ইরানের অর্থনৈতিক ও জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে দেশটির প্রতিপক্ষদের নেতিবাচক পূর্বাভাসের বিষয়েও কথা বলেন প্রেসিডেন্ট। তিনি জানান, নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া না হলে মে মাসের মধ্যে দেশটি গুরুতর সংকট ও অচলাবস্থার মুখে পড়বে বলে কেউ কেউ সতর্ক করেছিল।

তবে সরকার দেশের অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করে এবং নিজস্ব ব্যবস্থাপকদের প্রতি আস্থা রেখে এসব বাধা অতিক্রমের চেষ্টা করেছে বলে জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, “তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, কিন্তু আমরা দৃঢ় অবস্থানে থেকেছি এবং সামনে এগিয়ে যাওয়ার পথ উন্মুক্ত হয়েছে।”

তিনি আরও বলেন, অভিন্ন লক্ষ্য ও সম্মিলিত সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে পারলে নিষেধাজ্ঞাও অতিক্রম করা সম্ভব।

ইরানের পানি ও মাটিসহ বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং কৃষি উৎপাদনের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন পেজেশকিয়ান। এসব ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

দেশের বিদ্যমান সক্ষমতা চিহ্নিত করা, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো এবং উন্নয়নের পথে বিদ্যমান ঘাটতি দূর করতে সফল আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট।

তিনি বলেন, প্রথমেই স্বীকার করতে হবে যে দেশের বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয়। এরপর অন্য দেশগুলো কীভাবে আরও ভালো ফলাফল অর্জন করেছে, তা পর্যালোচনা করে সেখান থেকে শিক্ষা নিতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha